দেশের সাতটি ব্যাংক পুলিশকে আন্তর্জাতিকমানের এক লাখ পিপিই ও এক লাখ মাস্ক দিয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি ড. বেনজীর আহমেদের কাছে মঙ্গলবার এসব পিপিই ও মাস্ক হস্তান্তর করা হয়।
ব্যাংকগুলো হলো- ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বেক্সিমকো গ্রুপের নতুন প্রতিষ্ঠান বেক্সিমকো পিপিই ডিভিশন এসব আন্তর্জাতিক মানের এসব পিপিই ও মাস্ক তৈরি করেছে। ব্যাংকগুলোর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আইজিপি। আর এ ধরনের মানবিক কাজে পুলিশের পাশে থাকায় তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাস রোধে প্রথম দিন থেকেই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনগণের পাশে রয়েছেন পুলিশের সদস্যরা। পুলিশ সদস্যরা চলমান পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। করোনার ঝুঁকি রোধে হেডকোয়ার্টার্স থেকে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দেয়া হচ্ছে তাদের।
আনন্দবাজার/এস.কে









