- অফিসের সব নথি পুড়ে ছাই
- ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অফিসের গুরুত্বপূর্ণ সকল নথিপত্র। গত রবিবার সকাল ৭টায় সরিষাবাড়ী উপজেলা পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মুর্শেদা জামান ও ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দিলরুবা আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক ও ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে উপজেলা পরিষদের চারতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের শিখা অফিসের জানালা দিয়ে বাইরের দিকে ছড়িয়ে পড়লে আনসার সদস্য নির্বাহী অফিসার উপমা ফারিসাকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে থাকা গুরুত্বপূর্ণ ফাইলপত্র, চেয়ার-টেবিল, আলমারি, এসি-টিভিসহ কক্ষটির সমস্ত কিছু। তবে পাশের কক্ষগুলোতে কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কেউ বলতে পারেনি।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, সকাল ৭ টা ১২ মিনিটে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন নির্বাহী অফিসারের কক্ষটি আগুনে জ্বলছিল, কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বলেন, সকাল ৭টায় আনসারদের কাছ থেকে অগ্নিকাণ্ডের খবর পাই। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অফিসের সকল গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল পুড়ে গেছে। কী কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তা কিছু বলতে পারছিনা।
এ বিষয়ে জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, ইউএনওর কার্যালয়ে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২১ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।









