পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অসহনীয় লোডশেডিং, নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বাগেরহাটের শরণখোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকালে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে পাঁচরাস্তা মোড় (বাদল চত্বর) সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সমাবেশে অনুষ্ঠিত হয় ।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মিরাজ ও তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন হাওলাদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শরণখোলায় আকাশে মেঘ দেখলে অথবা সামান্য বৃষ্টি-বাতাস হলেই আর বিদ্যুৎ থাকে না। তাছাড়া অকারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ সমিতিতে সরকার বিরোধী চক্র ঢুকে পড়েছে। তারা সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র করছে। এর পর থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাও সহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির পিরোজপুর জোনের জেনারেল ম্যানেজার (জিএম) শেখ মোহাম্মদ আলী বলেন, জাতীয় গ্রীডের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে মাঝে মধ্যে লোডশেডিং দিতে হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।









