গতকাল রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়াম চত্বরে শেষ হয়েছে তিন দিনব্যাপী আয়োজিত জাতীয় মৌ মেলা ২০২০। এবারের মেলায় প্রায় ৫০ লাখ টাকার মধু বিক্রি হয়েছে। গত বছর মেলায় মধু বিক্রি হয়েছিল ৩০ লাখ টাকার। কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে চতুর্থবারের মতো আয়োজিত হয় এ মেলা। মেলায় এবার সরকারি ছয়টি ও বেসরকারি ৬৮টি প্রতিষ্ঠানের মোট ৭৪টি স্টল অংশগ্রহণ করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মৌচাষ’।
জাতীয় মৌ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস ও ড. শেখ মো. বখতিয়ার। এছাড়া মেলায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ।
সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এবারের মেলার প্রতিপাদ্যের সঙ্গে স্টলের সামঞ্জস্য, সাজসজ্জা, প্রদর্শিত মধু আইটেমের সংখ্যা ও প্রযুক্তি প্রদর্শন করে সরকারি পর্যায়ে প্রথম হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এবং তৃতীয় হয়েছে কৃষি তথ্য সার্ভিস।
আনন্দবাজার/শাহী









