করোনা পরিস্থিতির কারণে আগমনী (অন এরাইভাল) ভিসা এখনও বন্ধ রয়েছে। ২০২০ সালের ১৬ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বন্ধ করা ভিসা এখনও চালু হয়নি। ফলে অনেকেই বিষয়টি না জেনে বাংলাদেশে ভ্রমণে এসে বিপাকে পড়ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন।
বুধবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লোজ কক্ষে ‘বিশ্বশান্তি সম্মেলন ২০২১’ এর আয়োজন সম্পর্কৃত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ড. মোমেন বলেন, গতকাল একটি দেশের দুটি পরিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিপাকে পড়েছেন। তারা আমাদের ফোন দিয়েছে। তবে দেশে কেউ যেন আর এভাবে না আসে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের কারণে আফ্রিকাতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা যাতে দেশে আপাতত না আসে সে বিষয়েও অ্যাম্বাসিগুলোকে সতর্ক করা হয়েছে। তাদেরকে পরিস্থিতি ভালো হলে দেশে আসার কথা বলা হয়েছে।
তিনি জানান, ৪ ও ৫ ডিসেম্বর দেশে বিশ্বশান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। ৪ ডিসেম্বর বিকাল ৪ টায় রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে সম্মেলনটির উদ্বোধন করবেন। ৫ ডিসেম্বর বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সম্মেলনটির সমাপনী ঘোষণা করবেন। উভয়েই ভাচ্যুয়ালিভাবে সম্মেলনে যুক্ত হবেন।
আনন্দবাজার/শহক









