দেশের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য ও যাত্রী ওঠানামার জন্য থার্ড টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি সম্প্রসারণ করা হচ্ছে বিমানবন্দরও। সম্প্রসারনের জন্য মন্ত্রী কমিটির দেয়া ২০ হাজার ৫৯৮ কোটি টাকার ক্রয় প্রস্তাবের অনুমোদনটি বাস্তবায়ন করবে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)।
গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এটিসহ মোট পাঁচটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যার মোট মূল্য ২৪ হাজার ২৯৬ কোটি ১৮ লাখ ৬৮৭ টাকা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিনকে দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্ব বেড়েই চলেছে। তাই বিমানবন্দরের বিদ্যমান অবকাঠামো এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দিয়ে হিমশিম খেতে হচ্ছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাই বিমানবন্দরটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রমগুলো হচ্ছে টার্মিনাল ও সিকিউরিটি ইকুইপমেন্টসহ দুই লাখ দশমিক ২৬ হাজার বর্গমিটারের নতুন প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ, টানেলসহ ৬২ হাজার বর্গমিটার মাল্টি লেভেল কার পার্কিং তৈরি, ৪১ হাজার ২০০ বর্গমিটার নতুন কার্গো কমপ্লেক্স, পাঁচ হাজার ৯০০ বর্গমিটার ভিভিআইপি কমপ্লেক্স তৈরি, এক হাজার ৮৪০ বর্গমিটার রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং স্টেশন ও ইকুইপমেন্ট ক্রয়। এ ছাড়া ৬৬ দশমিক ৮৭ লাখ ঘনমিটার ভূমি উন্নয়ন, ৪ দশমিক ৯৯ লাখ বর্গমিটার অ্যাপ্রোন তৈরি, এক লাখ বর্গমিটার ট্যাক্সিওয়ে নির্মাণ, এক লাখ ৫৮ হাজার বর্গমিটার সোল্ডার তৈরি, আট লাখ ৩৮ হাজার বর্গমিটার জিএসই রোড এবং ৩৩ হাজার বর্গমিটার সার্ভিস রোড তৈরিসহ আনুষঙ্গিক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
আনন্দবাজার/শাহী









