বর্তমানে দেশে এখন যুদ্ধকালীন অবস্থা বিরাজ করছে। আমরা সবাইকে নিয়ে এ যুদ্ধ জয় করতে চাই বলে সম্প্রতি মন্তব্য করেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (২১ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দেশের করোনার পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মোকাবেলায় দেশের নেয়া পদক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেছেন। বর্তমানে ইউরোপের অনেক দেশ থেকেও আমাদের অবস্থা অনেকাংশে ভালো। তবে আরো ভালো অবস্থান করতে হবে।
মন্ত্রী আরও জানান, ঢাকার বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনের জন্য স্খান প্রস্তুত করা হচ্ছে। এছাড়া সারাদেশে আরো ৪০০ আইসিইউ ইউনিট তৈরী করা হবে। চিকিৎসকদের জন্য যথেষ্ট পরিমাণে পিপিই হাতে এসেছে। ইতিমধ্যে চীন থেকে আরো অর্ডার করা হয়েছে। তাছাড়া প্রয়োজনে চীন থেকে প্রশিক্ষণের জন্য চিকিৎসক ও নার্স দেশে আনা যায় কিনা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জাহেদ মালিক জানান, দেশে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন মৃতের সংখ্যা দুই। এছাড়া নতুন আরো ৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ২৪ জনে। এই মুহূর্তে দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আছেন ৫০ জন, হোম কোয়ারেন্টাইন আছেন প্রায় ১৪ হাজার।
এছাড়া মন্ত্রী জানান, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
আনন্দবাজার/শাহী









