নরসিংদীর শিলমান্দী থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি কাভার্ড ভ্যান, ১টি চাপাতি, ১টি লোহার শাবল, হাইড্রোলিক কাটার, লোহার রড ও রশি উদ্ধার করা হয়।
গত সোমবার ভোরে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের খালপাড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার। গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার ভিকচান মিয়ার ছেলে ছানা উল্লা মিয়া (৩৪), শিবপুর থানার আলীনগরের হানিফ মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (৩২), মৌলভীবাজার জেলার সাম্পাসি এলাকার নুরু মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০), নরসিংদী সদরের শ্রীনগরের শহিদ মিয়ার ছেলে হালিম মিয়া (৩৮) ও নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বালিজুড়ি এলাকার মৃত. নূরুল ইসলাম মিয়ার ছেলে শাহীন আলম (৩৫)। গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার শেষ রাতে একটি পিকআপ ভ্যান নিয়ে ডাকাতির উদ্দেশ্যে শীলমান্দি ইউনিয়নের দগরিয়ায় অবস্থান করছে একটি চক্র এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও ডাকাত দলের ৫জনকে আটক করতে সক্ষম হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান, ১টি চাপাতি, ১টি লোহার শাবল, হাইড্রোলিক কাটার, লোহার রড ও রশি উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা প্রথমে বিভিন্ন স্থানে চুরি করতো। চুরি করে জমানো টাকায় তারা একটি কাভার্ড ভ্যান ক্রয় করে। তারপর থেকে তারা রাস্তার পাশে বিভিন্ন দোকানে, বিভিন্ন বাড়ির গরু ডাকাতি করতো।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারকৃত ছানা উল্লার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মাদক মামলা, রুবেল এর বিরুদ্ধে একই থানায় মাদক মামলা ও হালিম মিয়ার বিরুদ্ধে শিবপুর থানায় চুরির মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে আটকের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের নরসিংদী আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেলহাজতে পেরণ করেন।









