- এক দালালকে জেল
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে সদর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। গত শনিবার বেলা ১২টায় হাসপাতাল চত্তরে আকস্মিক এ অভিযান চালানো হয়। অভিযানে দুইজন দালালকে আটক করা হয়। পরে তাদের মধ্যে এক দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দালালদের উৎপাত নিয়ে বিভিন্ন সময় তথ্য পাওয়া যায়। রোগীদের জিম্মি করে অর্থ আদায়সহ তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে দালালবিরোধী অভিযান চালায় সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া ও সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোহসিন। অভিযানে ছদ্মবেশ ধারন করে দুই দালালকে আটক করা হয়। পরে তাদের মধ্যে রুবেল হাসান নামে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। ২৯১ গণ উপদ্রুব ধারায় এ কারাদণ্ডাদেশ দেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহসীন জানান, হাসপাতালে দালাল নিয়ে পুলিশের কাছে অনেক অভিযোগ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে অভিযান চালায় পুলিশ সদস্যরা। অভিযান থেকে ২ জনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহি অফিসার শামীম ভূঁইয়া জানান, হাসপাতাল এলাকা দালালমুক্ত রাখার প্রত্যয়ে অভিযান শুরু হয়েছে। হাসপাতালে এমন অভিযান অব্যহত থাকবে। রোগী সাধারণকে জিম্মি করে কাউকে কোনো সুযোগ নিতে দেয়া হবে না।









