খানাখন্দে চলাচল ব্যাহত, সংস্কার জরুরি
পর্যটন নগরী শ্রীমঙ্গলের পৌরসভা এলাকায় জনগুরুত্বপূর্ণ দুটি সড়কের বেহাল দশা। সড়ক দুটি ভেঙ্গে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শহরের চমুহনী থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং চৌমুহনী থেকে ভানুগাছ সড়কের বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়ক দুটি খানাখন্দে ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিদিন এপথে চলাচলকারীরা বিড়ম্ভনা পোহাচ্ছেন। সড়ক দুটির পিচ ও পাথর উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতেই পানি জমাট বেঁেধ জলাবদ্ধতার সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রীমঙ্গলে অনেক পর্যটক বেড়াতে আসেন। সড়ক দুটি দিয়ে প্রতিদিন স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীসহ শহরতলীর বিভিন্ন এলাকার বাসিন্দারা চলাচল করেন। এপথ দিয়ে যেতে হয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়, উদয়ন উচ্চ বিদ্যালয়, গাউছিয়া শফিকিয়া দাখিল মাদ্রাসা, শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি রেসিডেন্সিয়ল স্কুল এন্ড কলেজ, উত্তরা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড ও উন্নতমানের খাবারের হোটেল, শপিংমলে। তাছাড়া নিত্যপ্রয়োজনীয় মালামাল ও কাঁচা বাজার ও মাছ বাজারে যাতায়াত করেন শহর ও শহরতলীর মানুষ। সড়ক দুটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের পাশাপশি শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষে এবং যান চলাচল করে। যানবাহন চলাচলের ফলে জমে থাকা পানি কাদায় পরিণত হয়। আর ওই কাদাযুক্ত পানি ছিটকে কাপড় নষ্ট হয় পথচারীদের।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, সড়ক সংস্কারের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই সড়কগুলোর সংস্কার করা হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী জিয়া উদ্দিন জানান, সড়ক সংস্কারের টেন্ডার হয়েছে। ঠিকাদার মাঠে সার্ভের জন্য কাজ করছেন। কিছু দিনের মধ্যেই সংস্কার সামগ্রী নিয়ে কাজ শুরু হবে। কাজ শুরুর ১৫ থেকে ২০ দিনের মধ্য সড়কের কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
আনন্দবাজার/এম.আর









