জগৎখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মুন্সীগঞ্জের শ্রীনগরে উন্মুক্ত ক্যানভাসে গণস্বাক্ষর কার্যক্রমের সমাপ্ত হয়েছে।
গত শনিবার সকালে উপজেলার রাঢ়িখালে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ গেইট সংলগ্ন শ্রীনগর-দোহার আন্ত:সড়কের পাশে দুই দিনব্যাপী এ গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়। প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্ট’স ফোরাম নামে একটি ছাত্র সংগঠন এ গণস্বাক্ষরের আয়োজন করে।
স্যার জগদীশচন্দ্র বসুর পৈত্রিক বসত ভিটায় জগৎখ্যাত এ বিজ্ঞানীর নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দীর্ঘদিন যাবত এ অঞ্চলের মানুষ দাবি জানিয়ে আসছেন। গণস্বাক্ষর কার্যক্রমে যোগ দিতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্ট’স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন আকাশ বলেন, শনিবার ও রোববার দুইদিনে উন্মুক্ত ক্যানভাসে প্রায় আড়াই হাজার মানুষ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর করেছেন। প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তিনি।
আনন্দবাজার/এম.আর









