নরসিংদীতে এক ব্যাংকার ও ডাক্তারকে যাত্রীবেশে পাইভেটকারে উঠিয়ে জিম্মি করে এটিএম কার্ডের মাধ্যমে টাকা উঠিয়ে সেই টাকাসহ নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার, চাকু, গামছা, কসস্টেপ এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে, গত ৯ সেপ্টেম্বর এবং ৭ অক্টোবর রাতে দুই ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৯৭ হাজার টাকা ছিনতাই করে তারা। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আল আমিন।
গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুরের চিরিরবন্দর থানার দক্ষিণ নগর গ্রামের সৈয়দ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (২৪), বরগুনার আমতলী থানার বলইবুনিয়া গ্রামের মাজেদ মৃধার ছেলে নজরুল মৃধা (৩৩), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধাকানাই গ্রামের আব্দুর বারেক এর ছেলে তারেক মিয়া (২১) এবং দিনাজপুরের চিরীর বন্দর থানার রাণীপুর এলাকার আব্দুল মান্নান এর ছেলে রফিকুল ইসলাম (২২)।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে আল মামুন নামে এক ব্যাংক কর্মকর্তা কিশোরগঞ্জের ভৈরব থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে প্রাইভেটকারে ওঠে। এসময় যাত্রীবেশে তার সঙ্গে প্রাইভেটকারে ওঠে আরও ৩জন। প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে কিছুদূর যাওয়ার পর ৩ যাত্রী এবং ড্রাইভারসহ মোট ৪ ছিনতাইকারী ওই ব্যাংক কর্মকর্তার হাত, পা এবং চোখ বেধে এটিএম কার্ড এবং মোবাইল ছিনিয়ে নেয়। এসময় ভয় দেখিয়ে এটিএম কার্ডের পাসওয়ার্ড নিয়ে দুই দফায় ১ লাখ ৯১ হাজার টাকা উত্তোলন করে ভুক্তভোগী ব্যাংকারকে নরসিংদী সদরের মাধবদী এলাকায় ফেলে যায়।
এদিকে, চলতি মাসের ৭ তারিখ হেলাল আহমেদ নামে এক চিকিৎসক নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় থেকে ব্রাহ্মণবাড়ীয়া যাওয়ার পথে একইভাবে যাত্রীবেশে গাড়িতে ওঠেন ৩ জন। নির্জন স্থানে নিয়ে আগের পদ্ধতিতেই ড্রাইভারসহ আগের ঘটনায় জড়িত মোট ৪ ছিনতাইকারী মিলে এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে ১ লাখ টাকা উত্তোলন করেন এবং নগদ ৬ হাজার টাকা ও মুঠোফোন ছিনতাই করেন।









