জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ওএমএসের ১০ টাকা কেজির ১০ বস্তা চালসহ হামিদুল ইসলাম (৪৫) নামের এক চাল ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারোয়ার। আটক হামিদুল ইসলাম উপজেলার পশ্চিম শালাইপুর গ্রামের মৃত আকামুদ্দিনের ছেলে।
গতকাল বুধবার (৮ই মার্চ) পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে ওএমএসের চাল বিক্রি হলে স্থানীয় চাল ব্যবসায়ী হামিদুল ইসলাম কার্ডধারীদের নিকট থেকে চাল গুলো কিনে নিয়ে পশ্চিম শালাইপুর গ্রামে নিজ বাড়ীতে মজুদ করে রাখে। জয়পুরহাট জেলার একটি সরকারী গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে হাতে নাতে আটক করে।
পরে রাত ৮টায় নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০১৮ কৃষি বিপনন আইন ১৯/১ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটক হামিদুল জরিমানার টাকা প্রদান পূর্বক ছাড়া পান।
আনন্দবাজার/শহক/বাহো









