বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যুক্ত হলো অল টেরেইন ভেহিক্যাল (এটিভি)। আন্তঃসীমান্ত অপরাধ দমন, প্রতিবেশি দেশ হতে অস্ত্র, বিস্ফোরক, ইয়াবাসহ বিভিন্ন মাদক ও চোরাচালানরোধ এবং মানবপাচার প্রতিরোধে দ্রুত ও কার্যকরভাবে টহল পরিচালনার জন্য এই ভেহিক্যালটি যুক্ত করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ভারত ও মায়ানমারের সাথে ৪,৪২৭ কি.মি সীমান্তের ৩২৮ কিলোমিটার এলাকা বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এ সকল বিশেষ ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, নজরদারি এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ মোকাবেলায় এলাকাগুলোতে সর্বাধুনিক প্রযুক্তির ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিকাল বর্ডার রেসপন্স সিস্টেম’ স্থাপন ও সম্প্রসারণের জন্য বিজিবির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়।
বিভিন্ন এলাকায় স্থাপিত এসব ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিকাল বর্ডার রেসপন্স সিস্টেম’ থেকে প্রাপ্ত তথ্যের আলোকে দ্রুত সাড়া দেয়ার জন্য ঘটনাস্থলে বিজিবি সদস্যদের প্রেরণ এবং দূর্গম ও অপ্রচলিত সড়কসমূহে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার জন্য বিজিবিতে অল টেরেইন ভেহিক্যাল (এটিভি) সংযোজন করা হয়েছে।
অল টেরেইন ভেহিক্যাল (এটিভি) সাধারণত কর্দমাক্ত সরু রাস্তা, বালুময় চরাঞ্চল, খাল-বিলসহ বিভিন্ন জলাশয়, পাহাড়ি খাড়া রাস্তা এবং যেকোন দূর্গম রাস্তায় চলাচলের জন্য খুবই উপযুক্ত। এছাড়াও ওজনে হালকা হবার কারণে বিশেষ অভিযানিক অপারেশন পরিচালনার ক্ষেত্রে বর্ণিত এটিভিগুলো হেলিকপ্টারের মাধ্যমে নির্ধারিত স্থানে হেলিড্রপ করা সম্ভব। বিজিবি’র এই সক্ষমতা আন্তঃসীমান্ত অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সীমান্ত হত্যা হ্রাসেও কার্যকরী ভূমিকা রাখবে।
আনন্দবাজার/ডব্লিউ এস









