এশিয়ায় প্রানঘাতী করোনা ভাইরাসের মহামারি শেষ হতে এখনো অনেক দেরি আছে। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা। তারা জানান, শুধু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করছে এশিয়া মহাদেশীয় অঞ্চলে নেওয়া পদক্ষেপগুলো। কিন্তু মহামারি শেষ হতে দেরি হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই জানান, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ মহামারি শেষ হতে এখনো অনেক দেরি। এটি একটি দীর্ঘকালিন যুদ্ধ। আমরা কিছুতেই অসতর্ক হতে পারবো না এ যুদ্ধে। সব দেশকে প্রস্তুত থাকতে হবে বড় ধরনের গণসংক্রমণ রোধ করতে হলে।
অসতর্ক হলে আবারও ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হতে পারে বলে হুঁশিয়ার দিয়ে তিনি জানান, সব পদক্ষেপ নেওয়ার পরও মহামারি চলাকালে এ অঞ্চলে সংক্রমণের ঝুঁকি থাকবেই। কেবল গণসংক্রমণ ঠেকানোর জন্য প্রস্তুত হওয়ার সময় পাচ্ছেন সবাই।
ডব্লিউএইচওর টেকনিক্যাল অ্যাডভাইজার ম্যাথিউ গ্রিফিথ জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে না যে এ ভাইরাসে নির্দিষ্ট কোনো দেশ নিরাপদ থাকবে। করোনা ভাইরাস পৌঁছে যাবে সব জায়গায়ই।
২০১৯ সালের শেষদিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রানঘাতী এই ভাইরাসে এখন আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৪ হাজারেরও বেশি। এর মধ্যে মারা গেছেন প্রায় ৩৭ হাজার ৬৩৯ জন।
আনন্দবাজার/এস.কে









