- কালিয়াকৈরে রেললাইন বগি লাইনচ্যুত
জয়দেবপুর-রাজশাহী রেল লাইনের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় ১২ ঘন্টা ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ ঘটনায় শনিবার সকালে একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ট্রেনের সিডিউল বিপর্যয়ে ব্যাপক ক্ষতি এবং দুর্ভোগের শিকার হয়েছে যাত্রীরা।
এলাকাবাসী, রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও যাত্রী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকার রেললাইনের কিছু অংশ নষ্ট হয়ে যায়। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে গাজীপুরের জয়দেবপুর, মৌচাক, বঙ্গবন্ধু হাইটেক সিট, টাঙ্গাইলের মির্জাপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন রেলষ্টেশনে আটকে পড়ে বিভিন্ন এক্সপ্রেসের ট্রেন। এতে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন রেলস্টেশনে আটকে পড়া যাত্রীরা। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ওইদিন রাতেই ঘটনাস্থলে গেলেও তাদের উদ্ধার কাজ চলে অত্যান্ত ধীরগতিতে। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রীসহ বিভিন্ন রেলস্টেশনে আটকে পড়া ট্রেনের যাত্রীদের কেউ কেউ প্রচন্ড গরমে, খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অসুস্থ বোধ করে। অবশেষে পরের দিন শনিবার সকাল ১০টার দিকে কোনো রকমে উদ্ধার কাজ সম্পূর্ণ হলে ওই রেললাইনে ট্রেন চলাচল শুরু করে। ধীরে ধীরে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিকহয়। এদিকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের যান-মালের নিরাপত্তা নিশ্চিত করে। ওই দুর্ঘটনা কবলিত এ ওই দুর্ঘটনার কারণে প্রায় ১২ ঘন্টা ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটে। ফলে সময় মতো অফিসে যেতে না পারায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেও যাত্রীদের অভিযোগ।
এ সময় দুর্ঘটনা কবলিত ট্রেনের বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, রেলওয়ে সেবার মান নাজুক পর্যায়ে। এ দুটি বগি লাইনচ্যুতের ঘটনায় আমাদের রাত-দিন প্রায় ১২ ঘন্টা বসে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
খবর পেয়ে পাকশি রেলওয়ের বিভাগীয় কর্মকর্তারা শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রীদের নিরাপত্তার জন্য সর্বক্ষণ রেলওয়ে পুলিশ মোতায়েন ছিল। এসময়ে যাত্রীদের যান-মালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পাকশি রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ শাহীদুল ইসলাম জানান, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ঢাকা ডিভিশন থেকে রিলিফ ট্রেন কল করা হয়েছিল। এরপর আমরা পাকশি থেকে রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এছাড়া এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।









