সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ৬৫দিনের চলমান নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ায় দু’টি ট্রলারসহ ৪১জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় আটককৃত ৪১ জেলেকে অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ বিন আখন্দ। ট্রলারগুলো থেকে জব্দকৃত ইলিশসহ ১২০ কেজি সামুদ্রিক মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।
কোস্টগার্ড জানান, নিষেধাজ্ঞা সফল করতে শনিবার বিকেল থেকে সমুদ্রে টহল দেয় কোস্টগার্ডের একটি দল। এসময় তমরদ্দি ঘাট এলাকা থেকে সাগরে মাছ ধরার অবস্থায় এমভি নিহা ও এমভি ফাইজা-২ নামের দু’টি ট্রলার আটক করা হয়। দুটি ট্রলার থেকে ৪১জন জেলেকে আটক ও জালসহ ১২০ কেজি মাছ জব্দ করা হয়।
পরে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতি ট্রলারকে ১০হাজার টাকা করে ২০হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার দুইটি মৎস্য অফিসের হেফাজতে জব্দ থাকবে। বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ বিন আখন্দ বলেন, নিষেধাজ্ঞা সফল করতে এ অভিযান চলমান থাকবে।
আনন্দবাজার/শহক









