নওগাঁর মান্দায় চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি নিরলসভাবে কাজ করছেন গ্রাম পুলিশরা। দিন শেষে রাত হলেই বাড়ছে গ্রাম পুলিশদের তৎপরতা। পাড়া মহল্লায় চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ করতে কাজ করছেন তারা। এমনচিত্র দেখা গেছে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লায়।
চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় উপজেলাজুড়ে পুলিশের পাশাপাশি নিরলসভাবে কাজ করছেন গ্রাম পুলিশ সদস্যরা। রাত হলেই পাড়ায় পাড়ায় বাঁশি বাজিয়ে ছুটে চলছেন তারা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছেন মান্দার ১নং ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।
সরেজমিনে শনিবার রাতে উপজেলার ভারশোঁ ইউপির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গ্রাম পুলিশদের অবস্থান করতে দেখা গেছে। ভারশোঁ ইউপির গ্রাম পুলিশরা জানান, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ইউপি চেয়ারম্যানের নির্দেশনায় আমরা রাত জেগে ডিউটি করছি।
এ বিষয়ে ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, চুরি- ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে এমন পদক্ষেপ গ্রহণ করেছি।









