গাজীপুরে করোনা ভাইরাস জয় করে সুস্থ হয়েছেন ১৬ জন পুলিশ সদস্য। এরা সকলেই গাজীপুর জেলার কালিগন্জ থানায় কর্মরত ছিলেন। এছাড়াও করোনা যুদ্ধের জয়ী হয়ে আরও ৬৯ জন চিকিৎসক ও নার্স বাড়ি ফিরেছেন।
আজ রবিবার ১০ মে সকালে সুস্থ হওয়া ১৬ জন পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। এসময় অন্যান্য পুলিশ সদস্যরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেয় তাদের।
কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, কালীগঞ্জ থানা এলাকায় কর্মরত ডিএসবি’র একজন উপ-পরিদর্শক (এসআই) গত ১৬ এপ্রিল প্রথম করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়। এরপর কালীগঞ্জ থানায় কর্মরত আরো ৪ জন এসআই, প্রশিক্ষণকালীন উপ-পরিদর্শক (পিএসআই) ২ জন, এএসআই ৩ জন, একজন কনস্টেবল, বিশেষ আনসার একজন এবং সার্কেল অফিসে কর্মরত ৪ জনসহ মোট ১৬ পুলিশ সদস্য করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়। সকলেই আইসোলেশনে থেকে এখন ‘করোনা মুক্ত’। তাদের সকলের করোনা নেগেটিভ হওয়ায় ১৬ পুলিশ সদস্যকেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ‘করোনা মুক্ত’ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে।
করোনা ভাইরাস যুদ্ধে জয় করা এক পুলিশ সদস্য বলেন, করোনাকে ভয় করে আতংকিত হওয়া যাবে না। স্বাস্থ্য সচেতনতায় করোনা থেকে জয় লাভ করা সম্ভব।
আনন্দবাজার/শহক








