পদ্মাসেতুর ৪১টি স্প্যানের মধ্যে ২৫টি বসানো হয়েছে। আগামি সোমবার (৯ মার্চ) সকালে সেতুর ২৬তম স্প্যান বসানো হবে। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর খুঁটির ওপর বসানো হবে ২৬তম স্প্যানটি। সেই সাথে জাজিরা প্রান্তে একসঙ্গে দেখা যাবে ১৪টি স্প্যান।
পদ্মাসেতুর ৪১টি স্থানের মধ্যে মাওয়া প্রান্তে বিচ্ছিন্নভাবে ১২টি এবং জাজিরা প্রান্তে বসে আছে ১৩টি স্প্যান। জাজিরা প্রান্তে ২৯ নম্বর থেকে ৪২ নম্বর খুঁটি পর্যন্ত এই ১৩টি স্প্যান বসানো হয়েছে। আর মাওয়া প্রান্তে ৫ থেকে ৭ নম্বর পর্যন্ত ২টি, ১৩ থেকে ১৯ নম্বর পর্যন্ত আরও ৬টি এবং ২১ থেকে ২৫ পর্যন্ত ৪টিসহ ১২টি স্প্যান বসানো হয়েছে।
সেতু প্রকল্প কর্মকর্তারা বলেন, সেতুর আর মাত্র দুটি খুঁটির শেষ দিকের কাজ বাকি আছে। ৪২টি খুঁটির মধ্যে ৪০টি খুঁটির কাজ পুরোপুরিভাবে শেষ হয়েছে। আর মাত্র দুইটি খুঁটির কাজ শেষ হলেই পদাসেতুর সবগুলো খুঁটি স্প্যান বসানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। ২৬ এবং ২৭ নম্বর খুঁটির কাজ চলছে এখন। আর গতকাল গভীর রাতে মাওয়া প্রান্তে ১০ খুঁটির কাজ শেষ হয়।
পদ্মাসেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্মকর্তারা জানান, এপ্রিলের মধ্যে পদ্মাসেতুর বাকি থাকা দুটি খুঁটি আর জুলাই মাসের মধ্যে সবগুলো স্প্যান বসিয়ে দেবেন তারা। এর মাধ্যমে ৬ দশমিক ১৫ কিলোমিটার লম্বা পদ্মাসেতু দৃশ্যমান হবে। তখন চলবে সেতুর ওপর সড়ক তৈরির কাজ ।
আনন্দবাজার/তা.তা









