কুড়িগ্রামের উলিপুরে বিলাসী জাতের মুখিকচু চাষে লাভের মুখ দেখছেন চাষিরা। চাষিরা উপজেলা কৃষি অফিস থেকে উন্নত বিলাসী জাতের মুখিকচুর বীজ পাওয়ায় মুখিকচু চাষের প্রতি ঝুঁকে পড়েছেন।
উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলায় মুখিকচু চাষের লক্ষ্যমাত্রা প্রায় ২৫ হেক্টর। তার মধ্যে কন্দাল প্রদর্শনিতে ৬ ইউনিয়নের মধ্যে ৭টি প্লট আকারে প্রদর্শনি রয়েছে। প্রত্যেক প্রদর্শনি প্লটে ২০ শতক করে মোট ১ হেক্টর ৪০ শতক জমিতে বিলাশি জাতের মুখিকচু রয়েছে। উক্ত প্রদর্শনি প্রতি প্লটের জন্য ১০০ কেজি করে বিলাসি মুখিকচুর বীজসহ সার উপজেলা কৃষি অফিস থেকে চাষিদের বিনামূল্যে দেয়া হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের উক্ত প্রদর্শনি প্লটগুলো হল- গুনাইগাছ ইউনিয়নের নেফড়ায় ১টি, পূর্ব কালুডাঙ্গায় ১টি। তবকপুর ইউনিয়নে ১টি, দুর্গাপুর ইউনিয়নের যমুনায় ১টি, দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়ায় ১টি, কদমতলা কর্পুরায় ১টি, বুড়াবুড়ি ইউনিয়নে ১টি রয়েছে।
উপজেলা কৃষি উপ-সহকারি আজিজুর রহমান বলেন, গুনাইগাছ ইউনিয়নের মধ্যে নেফড়া ও পূর্ব কালুডাঙ্গায় বিলাসি উন্নত জাতের মুখিকচুর ২০ শতাংশের করে ২টি প্লট রয়েছে। যা অল্প খরচে ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখিকচু চাষিরা অনেক লাভবান হবেন। আমি প্রায় এ মুখিকচু চাষিদের বিভিন্ন ধরনের রোগবালাইয়ের হাত থেকে বাঁচার জন্য পরামর্শ দিয়ে থাকি।
উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের মুখিকচু চাষি আজম আলী বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে প্রদর্শনি প্লট হিসাবে ২০ শতক জমিতে ১০০ কেজি উন্নত মানের বিলাসি জাতের মুখিকচুর বীজ দিয়েছে। যা অল্প খরচে ফলন ভালো দেখা যাচ্ছে। আশা করি ভালো ফলনে সাফল্য আসবে।









