গাজীপুরে রোহিঙ্গা নারী ও তার স্বামীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টায় গাজীপুর মহানগরের পুবাইল থানার বসুগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, রোহিঙ্গা নারী মুন্নি (২৭) ও তার স্বামী স্থানীয় বসুগাঁও এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রেজাউল সরকার (৩১)। রেজাউল সরকার ও মুন্নির ছোট বোন ছমিরা (২৫) প্রায় দুই বছর আগে ৩ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়। তখন এ ঘটনায় তাদের বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। এ মামলায় গ্রেপ্তারের পর পাঁচ মাস আগে রেজাউল ও ছামিরা জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পাওয়ার পর তারা আবার মাদক ব্যবসা শুরু করে।
স্থানীয়রা জানান, পূবাইলের বসুগাঁও এলাকার রেজাউল সরকার প্রায় সাত বছর আগে রোহিঙ্গা নারী মুন্নিকে বিয়ে করেন। এরপর থেকেই স্বামী-স্ত্রী বিভিন্ন মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে পূবাইল থানা ও আশাপাশের এলাকায় বিক্রি করে আসছে।
পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে রেজাউল করিমের বাসায় অভিযান চালানো হয়। পরে ২৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী মুন্নি ও তার স্বামী রেজাউল সরকারকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পূবাইল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে এবারের উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির জন্য ২ দিন আগে মুন্নি টেকনাফে বসবাসকারি তার ছোট বোন ছমিরার (২৫) কাছ থেকে সংগ্রহ করেছে।









