গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে তালা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জেলা কমিটির নেতৃত্বে ফ্যাসিবাদের দোসর থাকার অভিযোগে তারা গত বৃহস্পতিবার রাতে শহরের থানাপাড়ার অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিম, সংগঠক অতনু সাহা, আবদুল্লাহ জিসান, মেহেদী হাসান প্রমুখ।
নেতাকর্মীরা অভিযোগ করেছেন, এনসিপির গাইবান্ধা জেলা কমিটিতে জাসদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও সাবেক সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করা হয়েছে, যা জুলাই আন্দোলন যোদ্ধাদের সঙ্গে বেঈমানি করা হয়েছে। তাই তারা এনসিপির অস্থায়ী কার্যালয়ে তালা দিয়েছে এবং এই কমিটি বাতিলের দাবি জানিয়েছে।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা বলেন, খাদেমুলকে পুনর্বাসিত করায় জুলাইযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তারা আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাননি। এছাড়া তারা খাদেমুল ইসলাম খুদির গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গাইবান্ধা জেলা এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। খাদেমুল ইসলাম খুদির বক্তব্য, তিনি রাজনৈতিক পরিবারের সন্তান এবং তার নিজস্ব দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। তিনি কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না এবং জাসদের বর্তমান রাজনীতির সঙ্গে তার মতের মিল নেই। তিনি যোগ করেন, তিনি জুলাইয়ের আদর্শ ধারণ করতেই এনসিপিতে যুক্ত হয়েছেন।
এনসিপি কার্যালয়ে তালা, জুলাইযোদ্ধাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
প্রকাশ:









