সাভারে বাইরে খেলতে যাওয়ায় দুই শিশু সন্তানের পায়ের তলা গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দিয়েছে পাষণ্ড পিতা। গতকাল বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার সাভার পৌর এলাকার সবুজবাগ মহল্লার আব্দুল লতিফের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা নুর আলম (৩২) পলাতক রয়েছে। তিনি জয়পুরহাট এলাকার আব্দুর রবের ছেলে। আহত শিশুরা হচ্ছে আরোবি (৯) ও তার ভাই আলিফ (৫)।
শিশুদের মা জয়মেনা খাতুন বলেন, প্রায় এগার বছর আগে নুর আলমের সঙ্গে তার বিয়ে হয়। পরে তার একটি মেয়ে ও ছেলে সন্তানের জন্ম হয়। তবে নূরে আলম তেমন কোনো কাজ করতেন না। আবার নেশাও করতেন। মাঝে মধ্যেই যৌতুকের দাবিতে আমাকে মারধর করতেন। গত ২৮ জুলাই দুই শিশু সন্তানদের রেখে তার বাড়ি থেকে বের করে দেয়।
এদিকে বুধবার তার দুই শিশু সন্তান বাহিরে খেলতে গেলে তাদেরকে মারধর করে পাষণ্ড পিতা। এক প্রর্যায়ে গরম খুন্তি দিয়ে পায়ের তলা পুড়িয়ে দেয়। এসময় শিশুদের চিৎকারে বাড়ির মালিক কক্ষের ভেতরে এসে বিষয়টি দেখতে পেয়ে শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয় তিনি সাভারে চলে আসে। রাতেই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মঈনুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









