করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে একদল বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে। চার জনের এই বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে থাকবে তিন মাস। তবে তারা ঠিক কবে আসছে সেটা এখনো জানা যায়নি।
করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সিস্টেম (এপিডেমিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম) তৈরির জন্য এই দলটি দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এবং সরকারের অন্যান্য এজেন্সির সঙ্গে কাজ করবে।
চীনের রাষ্ট্রদূত লি জিমিং তার ফেসবুক পোস্টে লিখেছেন, চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে বিশেষজ্ঞদের একটি চীনা চিকিৎসা দল ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য বাংলাদেশে আসছে।
এছাড়া সম্পূর্ণ চীনা অর্থায়নে গড়া চীন-বাংলাদেশ মৈত্রী আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রকে করোনা রোগীদের জন্য একটি অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হবে।
চীনের বিশেষজ্ঞ বাংলাদেশে আসা প্রসঙ্গে চীনে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, এই দলটির সবাই চীনের রাষ্ট্রায়ত্ত সিনোভাশিও সংস্থায় কর্মরত। এই সংস্থাটি মহামারি নিয়ন্ত্রণ করার জন্য চীন সরকারকে সফলভাবে সহায়তা করেছিল। ইতোমধ্যে তারা ভিসা পেয়ে গেছেন এবং বাংলাদেশে তারা তিন মাস অবস্থান করবেন।
আনন্দবাজার/ টি এস পি









