বাঁশতলা উপ-স্বাস্থ্য কেন্দ্র
কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা উপ স্বাস্থ্য কেন্দ্রের প্রায় এক বছর ধরে চিকিৎসক নেই। চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ১৫ গ্রামের মানুষ। এখন রোগীদের একমাত্র ভরসা ফার্মাসিস্ট।
স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যকেন্দ্র সূত্রের জানা যায়, প্রায় এক বছর ধরে এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই। তাই রোগীদের ওষুধ দিচ্ছেন ফার্মাসিস্ট। অনেকটা বাধ্য হয়েই চিকিৎসা নিচ্ছে স্থানীয়রা। এছাড়া উপায় নেই আমাদের। স্থানীয় বাসিন্দা শুকুর আলী, লোকমান গাজী, শফিকুল ইসলামসহ কয়েক জনের সাথে কথা হয় দৈনিক আনন্দবাজারের সাথে। তারা বলেন, এ উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল রোগীদের দেখাশোনা করেছে ফার্মাসিস্ট মাহমুদা খানম।
এ বিষয়ে দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানান, আমি নতুন চেয়ারম্যান হওয়ার পরে বাঁশতলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছি। সেখানে কোন চিকিৎসক নেই, আছে শুধু ফার্মাসিস্ট। অন্যান্য পদেও লোক নেই, তাই এই এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অতি দ্রুত এখানে চিকিৎসক প্রয়োজন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান সমস্যার কথা স্বীকার করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট রয়েছে। সরকার ডাক্তার নিয়োগের উদ্যোগ গ্রহণ করলেই বাঁশতলা উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক দেওয়া হবে।









