প্রানঘাতী করোনা ভাইরাস রোধে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)। তারা এই অর্থের অনুমোদন দিয়েছে, মূলত বাজেটে সহায়তা করতে। বাংলাদেশি মুদ্রায় এই সহায়তার পরিমাণ প্রায় ২ হাজার ১২৫ কোটি টাকা।
২১ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এআইআইবি এ ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে একটি কর্মসূচিতে সহ-অর্থায়ন হিসেবে। ৭ মে এডিবি করোনা ভাইরাস এর প্রভাব রোধে বাংলাদেশের অনুকূলে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। ইতোমধ্যে সরকারের সঙ্গে ঋণ চুক্তিও হয়ে গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রানঘাতী করোনা ভাইরাসের জন্য ক্ষতিগ্রস্ত গরিব ও সুরক্ষিত নয় এমন জনগোষ্ঠীকে সহায়তা করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে ব্যয় হবে এ ঋণের টাকা। ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান (এসএমই) এবং অনানুষ্ঠানিক খাতে যারা কর্মসংস্থান হারিয়েছে তাদের জন্য ও তৈরি পোশাক খাতের নারী শ্রমিকদের সহায়তা করা এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
আনন্দবাজার/এস.কে









