ফরিদপুরের মধুখালী উপজেলায় রয়েল পরিবহনের একটি বাস একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কালাম শেখ (৬০) ও রুবিয়া বেগম (৫০)। এসময় আরো একজন আহত হয়। তবে তাৎক্ষণিক আহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মেছোড়দিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কন কুমার বিশ্বাস বলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার মেছোড়দিয়া নামক এলাকায় রয়েল পরিবহনের একটি বাস একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নারীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আরো একজন আহত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









