- ভার্চুয়াল জগতেও মনিটরিং
বাংলা নববর্ষে যেকোনো নাশকতা মোকাবিলায় র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে র্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
গতকাল বুধবার রাজধানীর রমনা বটমূলে ‘বাংলা নববর্ষ’উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে নববর্ষকে কেন্দ্র করে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পাইনি। সাইবার মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গি নাশকতার পরিকল্পনা নশ্চাৎ করে দিতে আমরা প্রস্তুত। নববর্ষকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে যেন কোনো উস্কানিমূলক বা মিথ্যা তথ্য ছড়াতে না পারে সেজন্য র্যাবের সাইবার মনিটরিং টিম প্রস্তুত ও সতর্ক রয়েছে।
ডিএমপি জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার কথা বলেছে, র্যাবের কাছে সে ধরনের কোনো তথ্য আছে কি না এমন প্রশ্নে ডিজি বলেন, আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য নেই। সাইবার পেট্রোলিং করছি জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। ২৪ ঘণ্টা তারা দায়িত্বে নিয়োজিত। তারা কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের জানাচ্ছেন। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং সকল গোয়েন্দা সংস্থা তাদের নিজ নিজ সাইবার টিম কাজ করছে। যেকোনো জায়গা থেকে কোনো তথ্য পেলে আমরা দ্রুত পাব বলে আশা করছি। আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছি।
পয়লা বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছরের মতো এবারও র্যাব ফোর্সেস থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মহানগরীর রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সরোবর, শিল্পকলা একাডেমি, বিআইসিসি ভবন, নজরুল একাডেমি, উত্তরা মাঠসহ বিভিন্নস্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব থেকে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিএসসি, শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা বটমূলকে আউটার অ্যান্ড ইনার পেরি মিটারে বিভক্ত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত চেকপোস্ট, টহল ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। রমনা বটমূল, টিএসসি ও চারুকলা ইনস্টিটিউটসহ গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং শেষ করা হবে।
সারা দেশব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, আউটার পেরিমিটার, পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, ফুট পেট্রোল, বোট পেট্রোলিং, সি সেক্টর, ভেহিক্যাল স্ক্যানার, অবজার্ভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং। বিভিন্ন অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট যে কোনো উদ্ভুত পরিস্থিতির জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।









