‘বিএনপিকে মোকাবিলায় এবার প্রয়োজন হলে যুদ্ধে অবতীর্ণ হবো আমরা। যেখানে তাদের দেখা যাবে, সেখানেই তাদের মোকাবিলা করবে যুবলীগ। ১০ ডিসেম্বর শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চান, আমরা রাজপথে থাকবো।’ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ (৩১ অক্টোবর) ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের প্রস্তুতি সভায় শেখ ফজলে শামস পরশ এসব বলেন।
নভেম্বরের ১১ তারিখ যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর যুব মহাসমাবেশ সফল করতে এ সভার আয়োজন করা হয়।
উক্ত যুব মহাসমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
এ বিষয়ে পরশ বলেন, ‘নেত্রী কেন এই যুব সমাবেশ করতে বলেছেন, সেটি সময় হলে বুঝতে পারবেন। আমাদের রাজপথে শক্তি প্রদর্শন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশ নিতে হবে।’
‘বিএনপি-জামায়াতকে যেখানেই দেখা যাবে, সেখানে মোকাবিলা করতে হবে’, এমন মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়ার্ড পর্যন্ত সতর্ক থাকতে হবে যুবলীগকে। সেইসঙ্গে সমাবেশের প্রস্তুতি নিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবলীগের নেতারা।
আনন্দবাজার/কআ









