পদ্মার প্রবল স্রোতে হেলে পড়েছে চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের তিনতলা আশ্রয় কেন্দ্রটি। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর রাত থেকে স্রোতের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করলে সকাল ৮ টার দিকে আশ্রয় কেন্দ্রটির পেছনের দিকে কাত হয়ে যায়।
এরআগে গেল কয়েকদিন ধরে মজিদকান্দি এলাকায় সদ্য নির্মিত ওই ভবনের চারপাশ গ্রাস করে পদ্মা পানি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়ণে ২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে স্কুল কাম আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়ে ছিল। যদিও গত মাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করে ঠিকাদার।
এদিকে, গত এক সপ্তাহে নদী ভাঙনে ৬ শতাধিক বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বাজার বিলীন হয়েছে। এছাড়াও পদ্মার ভাঙনে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গিয়েছে।
আনন্দবাজার/এম.কে









