হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে স্থানীয় শেরপুর বাসস্ট্যান্ডে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও ক্ষেতমজুর সমিতি শেরপুর উপজেলা শাখা এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
ক্ষেতমজুর সমিতি শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই ঘোষের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সিপিবির বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ প্রমুখ। বক্তরা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা সমাজের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের নিজস্ব কোন জায়গা জমি নেই। সরকারি খাস জমির উপর কোন রকমে বসবাস করে। খাস জমিতে ভূমিহীনদের অধিকার থাকলেও সরকারের পক্ষ থেকে তাদের স্থায়ীভাবে ভূমি বরাদ্দ করা হয় না। এর ফলে অধিকাংশ সময়ই স্থানীয় প্রভাবশালীরা আদিবাসীদের উচ্ছেদ করে ভূমি দখলের পায় তারা করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর সন্ত্রাসীরা বগুড়ার শেরপুরের মির্জাপুরের পুরাতন হাটখোলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীতে হামলা চালিয়ে নারী শিশু সহ ১৫ জনের অধিক অধিবাসীকে আহত করেছে। এখনও দুইজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি দাবি করে বক্তারা বলেন, পুলিশের নির্লিপ্ততার কারণে সন্ত্রাসীরা প্রকাশ্যে বিচরণ করছে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রাণনাশের হুমকী দিচ্ছে। বক্তারা বলেন, শেরপুরের মির্জাপুরের পুরাতন হাটখোলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীর ১.১৬ একর খাসজমি দখল করে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি চাতাল তৈরি করেছে।
এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হলেও কোন প্রতিকার হয়নি। মূলত ওই প্রভাবশালী ব্যক্তির ইন্ধনেই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উপর হামলা করা হয়েছে বলে বক্তারা দাবি করেন। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি দখলকৃত খাস জমি উদ্ধার করে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বরাদ্দ প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। মানববন্ধন ও সামবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
আনন্দবাজার/এম.আর









