মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী টেলিমেডিসিন সেবা চালু করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বহির্বিভাগের মাধ্যমে সাধারণ রোগীদের পাশাপাশি চিকিৎসকদের আক্রান্ত হওয়া এবং এর ফলে স্বাস্থ্য সেবা অচল হওয়ার আশঙ্কা করছেন তারা। সমস্যা সমাধানে অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রাথমিক চিকিৎসা চালানো এবং অতি প্রয়োজনে হাসপাতালে আসার আহ্বান চিকিৎসকদের। করোনায় মৃত্যু এবং শনাক্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বাড়ছে আতঙ্ক। দুই একদিন সাধারণ জ্বর সর্দি থাকলেই আতঙ্কে হাসপাতালে ছুটছেন রোগীরা। অল্প সময়ে মাত্রাতিরিক্ত চাপ বাড়ার কারণে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত রোগীরা।
বিএসএসএমএমইউ এর কনসালটেন্ট ডাক্তার ফারজানা শারমিন জানান, এখন যদি রোগীরা আসেন তাহলে আমরাও ঝুঁকির বাইরে থাকিনা। অথচ হটলাইন বা ফোনের মাধ্যমেও আমাদের কাছে চিকিৎসা নিতে পারেন তারা।
প্রাইভেট চেম্বারগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকায় আক্রান্ত দেশ থেকে ফেরা মানুষ ছুটছেন সরকারী হাসপাতালের বহির্বিভাগে। ফলে সাধারণ রোগীদের সঙ্গে ঝুঁকিতে পড়ছেন স্বাস্থ্যকর্মীরাও। তাই সংক্রমণ এড়াতে এখনই স্বাস্থ্য সেবার অনলাইন মাধ্যমগুলো কার্যকর করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আনন্দবাজার/তা.তা









