দেশের বিভিন্ন অঞ্চলের ইউনিয়ন চেয়ারম্যানরা যখন ত্রাণের খাদ্যসামগ্রী লুট করায় ব্যস্ত ঠিক সেই সময়ে দৃষ্টান্ত স্থাপন করলেন টঙ্গিবাড়ী উপজেলার ছোট্ট ইউনিয়ন কামার খাড়ার চেয়ারম্যান মহিউদ্দিন হালদার।
যিনি তাঁর নিজের জমি বিক্রি করে করোনার দুর্যোগপূর্ণ সময়ে বিভিন্ন ইউনিয়নের কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
সামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, লবণ, ডাল এবং সাবান।
তিনি গত ৬ দিন ধরে তিনি এ খাদ্যসামগ্রী দিচ্ছেন ঘরে ঘরে। তিনি নিজ উদ্যোগে ও অর্থায়নে টঙ্গিবাড়ী উপজেলার কামার খাড়া ও এর পাশ্ববর্তী হাসাইল দিঘিরপাড়, যশলং, সদর উপজেলার শিলই ও পদ্মার ওপাড়ের শরিয়তপুর জেলার নওপাড়া ইউনিয়নের কর্মহীন পরিবারকে পৌছে দিচ্ছেন এই উপহার সামগ্রী।
এছাড়াও পত্রিকার হকার, সিএনজি চালক, ভ্যানচালক, অটো চালকদেরও দিচ্ছেন উপহার সামগ্রী। তিনি নিজের ৭২ শতাংশ জমি বিক্রি করে ৪৫ লাখ টাকা বিলিয়ে দিচ্ছেন অসহায় মানুষদের মাঝে।
তাঁর এমন উদ্যোগে সাধারণ মানুষের মাঝে খুশির স্বস্তি দেখা গেছে। করোনা প্রার্দুভাব মোকাবিলায় যেখানে সব স্থবির সেখানে তিনি নিজ উদ্যোগে ও অর্থায়নে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য উপহার নিয়ে ছুটে চলছেন বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি।
মহিউদ্দিন হালদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ একটি মানুষও যেন না খেয়ে থাকে। সেই লক্ষ্যে মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি। আমার এই সহায়তা চলমান থাকবে। প্রয়োজন হলে আরো জমি বিক্রি করবো। তবুও মানুষের জন্য কাজ করে যাবো।
আনন্দবাজার/এফআইবি







