চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কর্মসূচি জোরদার করণের লক্ষ্যে দেশব্যাপি গণটিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে খুলনা মহানগরীতেও গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল শনিবার সকাল ৯টায় কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন।
খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, খুলনা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মো. মঞ্জুরুল মুরশিদ, কাউন্সিলর পারভিন আকতার, মুন্সী ওয়াদুদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মহানগরীর ৩১টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ৯টি করে গণটিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২ জন টিকাদার, ৩ জন ভলেন্টিয়ার ও ৫জন মবিলাইজার নিয়োজিত করা হয়েছে। খুলনা মহানগর ও জেলায় ২ লাখ ১০ জনকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।









