রাজধানীতে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা। জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাটকে টার্গেট করে সক্রিয় হয়েছে তারা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। পশুর হাট ও গণপরিবহনের যাত্রীদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে লুট করার পরিকল্পনা করছিল তারা।
২০ জুলাই দুপুরে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মো. কামরুজ্জামান এই সব তথ্য জানান।
তিনি জানান, রবিবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডার বীর উত্তম রফিকুল ইসলাম সড়কে অভিযান চালানো হয়। সেখান থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম - মাসুদ, মামুন হোসেন ওরফে সাত্তার, সুমন ওরফে মুসা ও সুমন।
সিআইডির এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশ এলাকায় সিএনজি-অটোরিকশার যাত্রী, চালক ও পথচারীদের গতিরোধ করে মলম লাগিয়ে ও ঘুমের ওষুধ খাইয়ে গাড়িসহ টাকা-পয়সা করে আসছিল।
মো. কামরুজ্জামান আরও জানান, তারা প্রাইভেটকার, মাইক্রোবাস, ছুরি, চাপাতি, রশি, মরিচের গুড়া ও বিষাক্ত মলম এবং নেশাজাতীয় ঘুমের ওষুধ ব্যবহার করে এসব কাজ করে।
অভিযানের সময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি, রশি, গামছা, নেশাজাতীয় ঘুমের ওষুধ, বিষাক্ত মলম এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
আনন্দবাজার/এস.কে









