সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘আশ্রয়ণের ঘর বিক্রির হিড়িক’ শিরনামে জাতীয় দৈনিক আনন্দবাজারে সংবাদ প্রকাশের পর একটি তদন্ত কমিটি গঠন করে হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেন। তবে, কতো কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এমন প্রশ্নের কোনো সদুত্তোর দেননি তিনি। এমনকি কোন কর্মকর্তা অনিয়মের তদন্ত করছেন এমন প্রশ্নের জাবাবে তিনি তার নাম বলা যাবে না বলে প্রতিবেদকে জানিয়ে দেন। এ যেন নচিকেতার সেই গানের মতো ‘লোক দেখানো বদ্দি ডাকা’।
উল্লেখ্য, সিরাজগঞ্জ শাহজাদপুরে গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ দক্ষিণপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ১৪ ঘরের মধ্যে ৭টি ঘর বিক্রির করার অভিযোগ পাওয়ায় এনিয়ে গত ২৯ নভেম্বর সংবাদ প্রকাশ হয় দৈনিক আনন্দবাজারে। ঘরগুলো সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেন প্রকল্প সংশ্লিষ্টরা। বরাবরই ঘর নির্মাণ থেকে শুরু করে সুবিধাভোগী বাছাইয়ে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। আর প্রতিবারেই প্রশাসনের রয়েছে নিরব ভূমিকা। এমনকি প্রকল্প তালিকায় ভুল মোবাইল নাম্বারও দেওয়া আছে যেন তাদের সঙ্গে কেউ যোগযোগ না করতে পারে।
সরেজমিনে গিয়ে মেলে অভিযোগের সত্যতা। ইউনিয়নের গাড়াদহ দক্ষিণপাড়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ১৪টি ঘর নির্মাণ করা হয়। তারমধ্যে ৭টি ঘর স্ট্যাম্পের মাধ্যমে কিনে বসবাস করছে অন্যরা। অথচ একটি ঘর নির্মাণে সরকার বরাদ্দ দিয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। পাশাপাশি ঘরের জন্য জমিতো বরাদ্দ আছেই। জমিসহ এত টাকা খরচে নির্মিত ঘরগুলি বিক্রি হয়েছে মাত্র ৮০ থেকে ১ লাখ টাকা দরে।









