- যাত্রী সংগঠনের কর্মসূচিতে ট্রেন চলাচল বিঘ্নিত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠন’ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। এসময় প্রায় একঘণ্টা জয়দেবপুর রেলওয়ে স্টেশনে উভয়মুখী বেশকিছু ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তাদের কর্মসূচি শেষে হলে সকাল ৮টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। গতকাল বুধবার সকাল ৭টা থেকে তারা ওই অবস্থান কর্মসূচি শুরু করেন। গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল হক খান বিষিয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল হক খান জানান, মাসিক টিকেট পুনরায় চালুকরণ, জয়দেবপুর ও টঙ্গী জংশনসহ তেজগাঁও স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি, তুরাগ ও টাঙ্গাইল কমিউটার ট্রেনের বগি বৃদ্ধি, ট্রেনের আসন বৃদ্ধি, ডিসেম্বর ২০২২ এর মধ্যে জয়দেবপুর-টঙ্গী ডাবল লাইন ও গাজীপুর-ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চালু, জয়দেবপুর স্টেশনের উন্নয়ন এবং রেলগেটের সমস্যা দূরিকরণসহ নানা দাবিতে ওই সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।
তারা দাবি করেন, ৭০ লাখ জনসংখ্যা অধ্যুষিত গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর স্টেশনের নূন্যতম উন্নয়ন না হওয়া, আন্তঃনগর ৯টি ট্রেন স্টপেজ না দেয়া এবং টিকেট সল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ দিন দিন প্রকট হচ্ছে। সমস্যাগুলি সমাধানে দীর্ঘদিন ধরে রেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলপথ মন্ত্রী মহোদয়ের সঙ্গে একাধিকবার আলোচনা হয়। প্রতিবারই সমাধানের আশ্বাস প্রদান করা হলেও এখনো পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় জয়দেবপুর স্টেশনে শান্তিপূর্ণ অবস্থান নেওয়া হয়েছে। এ অবস্থান কর্মসূচিতে তারা ১০টি দাবি তুলে ধরেছেন। সকাল ৮টার দিকে তাদের অবস্থান কর্মসূচী শেষ হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত একঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে ওই সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এ সময় তারা জয়দেবপুর স্টেশনে থাকা রাজশাহীগামী- ধূমকেতু এক্সপ্রেস এবং ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন আউটার সিগন্যালে এক ঘন্টা আটকে রাখেন। এতে স্টেশনের দুই পাশে বেশকিছু ট্রেন আটকা পড়ে।
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল হক খানের সভাপতিত্বে কর্মসূচিতে উত্তরবঙ্গ কল্যাণ সমিতি ওপূর্বাঞ্চল ঐক্য পরিষদ নামে আরও দুটি সংগঠন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।









