সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার এ বিষয়টি নিশ্চিত করেন।
গাজী আনিসের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।
হেনোলাক্স কোম্পানিতে বিনিয়োগকৃত ১ কোটি ২৬ লাখ টাকা ফেরত না পাওয়ার হতাশায় গাজী আনিস গত সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। পরে গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
শাহবাগ থানার এসআই গোলাম হোসেন বলেন, আনিসের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। বাবার নাম ইব্রাহিম বিশ্বাস। তিনি হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পান। দীর্ঘদিন ধরে ওই টাকা না দেওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গাজী আনিসের ভাই গাজী নজরুল ইসলাম বলেন, আমার ভাই হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন। দীর্ঘদিন ধরে টাকা ফিরে পাওয়ার চেষ্টা করেছেন।
উল্লেখ্য, গত ২৯ মে গাজী আনিস প্রেস ক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন। ওই সময় গাজী আনিস জানান, ২০১৬ সালে হেনোলাক্স গ্রুপের কর্ণধার মো. নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রেই ২০১৮ সালে তিনি এই টাকা হেনোলাক্স গ্রুপে বিনিয়োগ করেন।









