জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি ও অভিযান পরিচালিত হয়েছে। পণ্যসামগ্রী এবং ফল ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে ভোক্তা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন। অভিযানে সহযোগিতা করে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।
শ্রীমঙ্গলের পোষ্ট অফিস রোড, সাগরদীঘি রোড, নতুন বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং মৌসুমী ফলের দোকানে তদারকি অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর জেলা কার্যারয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, খুচরা ব্যবসায়ীদের পাকা বিক্রয় ভাউচার প্রদান না করা, অতিরিক্ত দামে মৌসুমী ফল বিক্রি করা, প্রতিশ্রুতি অনুযায়ী ফল সরবরাহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোষ্ট অফিস রোডে অবস্থিত মেসার্স নাহিদা ফল ভান্ডারকে ৭ হাজার টাকা, সাগর দীঘি রোডে অবস্থিত রহমান ফল ভান্ডারকে ৭ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত রেশমা ফল ভান্ডারকে ৫ হাজার টাকা, জুবায়ের বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা, মেসার্স ঐশী বাণিজ্যালয়কে ৩ হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।









