সুন্দরবনের ভদ্রা নদীর খালে শিকার করায় ৮ জেলেকে আটক করা হয়েছে। তারা ভদ্রা নদীর খালে বিষ দিয়ে মাছ শিকার করছিল। সেসময় জেলেদের কাছে থাকা অবৈধ বিষ, মাছ ধরার জাল ও ডিঙি নৌকা পাওয়া গেছে।
১৯ জুলাই দুপুরে খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলো, তুহিন মীর, সোহরাব সানা, দীপক সরকার, তপন সরকার, নিশীত মন্ডল, অলোক সরকার, সেলিম সেখ ও মিরাজ মল্লিক।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সুন্দরবনে সবধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। বন বিভাগ এই নিষেধাজ্ঞা জারি করেছে, মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রজনন ও সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার রোধের লক্ষ্যে। এমন সময়েও সুন্দরবন সংলগ্ন দাকোপ থানার কালাবগির ভদ্রা নদীর খালে জেলেরা বিষ দিয়ে মাছ ধরছিল।
তিনি আরও জানান, সেখানে অভিযান চালানো হয় গোপন সংবাদের ভিত্তিতে। এসময় ৮ জেলেকে আটকের পাশাপাশি মাছ ধরার অবৈধ বিষ, ১২শ' ফুট জাল ও ৪টি ডিঙি নৌকা উদ্ধার করা হয়।
আনন্দবাজার/এস.কে









