ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারে জমজমাট হয়ে উঠেছে কবুতর বিক্রির হাট। প্রতি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার রঙ-বেরঙের, দেশি-বিদেশি নানা প্রজাতির কবুতর নিয়ে হাট বসছে এ বাজারে। সকাল থেকে দুপুর ২টা পযর্ন্ত চলে এ হাটে কেনা বেচা। হাটের দিন নানা শ্রেণি পেশার লোকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে এ বাজার। হাটে বিক্রির জন্য নিয়ে আসা কবুতরের মধ্যে রয়েছে গিরিবাজ, বাজিকর, হোয়াইট কিং, বোম্বাই কালদুম, সিরাজী, নরেশ, কোপার, লুটন, মুক্ষি, ফ্লাই, রেইসিং, প্যান্সি, ম্যাগপাই, মুন্ডিয়ান, কালোদোম, ঘিয়াচুন্নী, সবুজগলা, লালবোম্বাই, শুয়াচন্দন, বিউটি হোমা, পারভিন, চকলেটসহ নানাজাতের কবুতর।
একাধিক বিক্রেতা জানায়, এ হাটে প্রতিজোড়া দেশি কবুতর বিক্রি হচ্ছে ৩০০ থেকে এক হাজার টাকায়। আর বিদেশি কবুতর তিন হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
জানা যায়, এ উপজেলার প্রায় ২ শতাধিকের উপর নানা বয়সের লোকজন কবুতর পালনের সঙ্গে জড়িয়ে আছেন। এদের মধ্যে বেশিরভাগ লোকজনই বাণিজ্যিকভাবে দেশি-বিদেশি কবুতর পালন করে টাকা উপার্জন করছেন।
কলেজছাত্র নাজমুল হাসান বলেন, আজ থেকে ৪ বছর আগে ৯ম শ্রেণিতে পড়া অবস্থায় সে কবুতর পালন করছে। ৩ জোড়া দিয়ে শুরু করলে বর্তমানে তার ৭০ জোড়া কবুতর রয়েছে। বাজারে বিক্রি করতে ৬ জোড় কবুতর নিয়ে আসা হয়। সে প্রতি মাসে সে ৮ হাজার থেকে ১০ হাজার টাকার কবুতর বিক্রি করছেন। এ টাকায় তার পড়াশুনাসহ অন্যান্য খরচ চলছে।
সিরাজ মিয়া বলেন, দেখে শুনে দুই জোড়া বিদেশি জাতের কবুতর ৩ হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। অনেক দিন ধরে এ কবুতর খোঁজা হচ্ছে। এ বাজারে পেয়ে কেনা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদ বলেন, কবুতর পালনে শ্রম ও খরচ কম হয়। অল্প পুঁজি ও স্বল্প জায়গায় অতি সহজে কবুতর পালন করা যায়। এ উপজেলায় নতুন প্রজন্মের যুবকরা ব্যক্তিগত উদ্যোগে কবুতর পালন করে অনেকেই বেকারত্ব গুছিয়েছে। কবুতর পালনে সর্বপ্রকার সহযোগিতা পরামর্শ দেওয়া হচ্ছে।









