চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বিনা খরচে গন্তব্যে পৌঁছাতে ঢাকা শহরে চালু হয়েছে ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা। গত মঙ্গলবার (৩১ মার্চ) পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এ সেবা। বুধবার (১ এপ্রিল) দ্যা আর্থ সোসাইটি’র নিবার্হী পরিচালক মোহাম্মদ মামুন মিয়ার সাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২টি মাইক্রোবাস আর ৪টি বাস নিয়ে সেবাটি চালু করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী গাড়ির সংখ্যা আরও বাড়ানো যাবে। প্রতিদিন সকাল ৮টা, বেলা ২টা ও রাত ৮টা—এই ৩ শিফটে ১৬টি রুটে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০টি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এ পরিবহন সেবাটি পাবেন। এ সময়গুলো ছাড়াও ঢাকা শহরের ভেতরে যেকোনো জায়গায় সেবাদানকারীরা জরুরি প্রয়োজনে এ সেবাটি নিতে পারবেন।
সেবাটি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী যাত্রীদের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং নির্দিষ্ট সময় পরপর জীবাণুমুক্ত করার মাধ্যমে পরিচালনা করা হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের জনপ্রিয় গেরিলা সংগঠন ক্র্যাক প্লাটুনের নামের সঙ্গে মিল রেখে এ সেবাটির নাম দেওয়া হয়েছে ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা। যেহেতু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকেই এই সময়ের একেকজন যোদ্ধার ভূমিকায় রয়েছেন।
উদ্ভাবনী সেবাটি চালু করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ‘ক্র্যাক প্লাটুন পরিবহন সেবা’র উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী।
আনন্দবাজার/তা.তা








