ভূরুঙ্গামারীতে করোনার প্রভাবে শ্রমজীবী মানুষজন কর্মহীন হয়ে পড়ায় ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় কর্মহীন ও শ্রমজীবি জনতা।
রোববার সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের সহস্রাধিক স্থানীয় নারী-পুরুষ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে গাছ ফেলে অবরোধ করে এ বিক্ষোভ করে।
অনেক দিন যাবত কাজ না থাকায় তাদের রোজগার বন্ধ হয়ে গেছে। ঘরে খাবার না থাকায় ত্রাণের দাবিতে তারা জয়মনিরহাট বাসষ্ট্যান্ডে সমবেত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। তারপরে মিছিলটি উপজেলা সদরের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। বাধার মুখে তারা সেখানেই বসে বিক্ষোভ প্রদর্শন অব্যহত রাখে।
বিক্ষোভকারীদের একজন জোবেদা বেগম জানান, স্বামীর ব্যবসা বন্ধ, ঘরে খাবার নাই,আমরা কেমন আছি চেয়ারম্যান-মেম্বারেরা কোন খোঁজ খবর নেন না। এমন অবস্থায় কারো কাছে সাহায্যও চাইতে পারছি না ভিক্ষাও করতে পারছিনা, আমরা কোথায় যাবো? অপর একজন ক্ষোভের সাথে বলেন, গরীব মানুষদের রেশন কার্ড না দিয়ে দেওয়া হয়েছে সচ্ছলদের
বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে জয়মনিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, প্রতিপক্ষের ইন্ধনে এ বিক্ষোভ হয়েছে, কর্তৃপক্ষ বিষয়টির ব্যাপারে খোঁজ রাখছেন।
আনন্দবাজার/এফআইবি









