নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের সাধারণ মানুষকে সরকারি বাড়ি দেবার নাম করে টাকা হাতিয়ে নেবার সময় হাসিব হোসেন নামক এক তরুণকে হাতে নাতে আটক করেছেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নজিপুর ইউনিয়ন এলাকায় সরকারি বাড়ি দেবার নাম করে টাকা, ভোটার আইডি ও ফরম পূরণ ও লিষ্ট তৈরীর সময় হাসিব হোসেন(২০) নামে এক তরুণকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। জানা যায় ওই তরুণ পার্শবতী বদলগাছি উপজেলার দাউদপুর গ্রামের আব্দুল গফুর কাজীর ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি প্রতারণার মামলা হয়েছে। প্রতারক হাসিবকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে পদ্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, আমরা গ্রাম পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারি এক যুবক লোকজনের কাছ থেকে সরকারি ঘর দেবার নাম করে টাকা ও কাগজপত্র জমা নিচ্ছে। আমরা গিয়ে দেখি আমাদের মুজিববর্ষের ঘর দেওয়া হবে এটার জন্য সুন্দর করে একটি ফরমেট বানিয়েছে। মুজিববর্ষের লগো ব্যবহার করেছে এবং লোকজনের কাছ থেকে ওই ফরম পূরণ করে টাকা নিচ্ছিল।









