ফেসবুকে বন্ধুত্বে সম্পর্কের সূত্র ধরে ‘উপহার’ পাঠিয়ে পরে কৌশলে অর্থ আদায় করার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কমপক্ষে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ১৬ জনই নাইজেরিয়ার নাগরিক। গ্রেপ্তাকৃতদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় সিআইডি।
আটক হওয়া ১৮ জন্য মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন- মো. ইমরান হোসেন (৩২) এবং হারুন উর রশিদ (৩৫)। এদেরকে একদিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) শাহ আলম জানান, একজন ভুক্তভোগী প্রতারিত হওয়ার পর অভিযোগ করে। এরপর তার ভিত্তিতে তদন্ত করে কিছুদিন আগে চক্রের ১৮ সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় এদের কাছ থেকে ৭ লাখ ২২ হাজার টাকা, ২৯ হাজার নাইজেরীয় মুদ্রা, ২৩টি মোবাইল ফোন, ১৫টি পাসপোর্ট ছাড়াও বেশ কিছু পোশাক জব্দ করা হয়েছে।
তিনি বলেন, সিআইডি কিছুদিন আগে প্রথমে এই চক্রে সঙ্গে যুক্ত দুজন বাংলাদেশি এবং একজন নাইজেরীয়কে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাকি ১৫ জনকে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ধানন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
আনন্দবাজার/এম.কে








