জেলা প্রশাসকদের শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত আদেশ বাতিলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ডিসি সম্মেলনে ডিসিগণ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করা সম্পর্কিত একটি অযৌক্তিক দাবি উত্থাপন করায় পরিকল্পনা মন্ত্রী তাৎক্ষণিক নাকচ করে দেন। তারপরও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি জারিকৃত পত্রের মাধ্যমে ডিসিদের এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত আদেশকে দেশের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র বলে আইইবি মনে করছে। প্রকৌশল দপ্তরের প্রকল্পসমূহ মাঠ পর্যায়ে সাধারণত নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ এসব কাজ সরাসরি পরিবীক্ষণ ও মূল্যায়ন করে থাকেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মনিটরিং টিম সরেজমিনে সাইট ভিজিট করে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজে কারিগরি ও পেশাগত অভিজ্ঞ প্রকৌশলী প্রয়োজন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রকৌশল পেশা সংশ্লিষ্ট উন্নয়ন কাজের ধরন সম্পর্কে কোনো কারিগরি জ্ঞান ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত কোনো অভিজ্ঞতা নাই। তাই উন্নয়ন কাজে কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতাবিহীন জনবল দিয়ে কাজ করালে মাঠ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হবে।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, সিনিয়র সহকারী প্রকৌশলী হরজিত সরকার, সহকারী প্রকৌশলী, মোহাম্মদ আরিফুল ইসলাম, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশ্রাফু ইসলাম, এসডিই মাহমুদুল হাসান, সহকারী প্রকৌশলী মাসুম আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা প্রমুখ।









