বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন সেই তারেক রহমান লন্ডনে বসে ভোগ বিলাস করছেন, রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন, আর সেই রিমোট কন্টোলে হুমকি দিয়ে আওয়াজ তুলে তারা ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে। মানুষের দুঃখ কষ্টের সাথি হতে হবে। তাছাড়া ক্ষমতায় আসতে পারবে না।
গতকাল রবিবার সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পাঙ্খার বাজার এলাকায় বিএডিসি খামারে সয়াবিন, ভুট্ট ও সূর্যমূখী মাঠ পরিদর্শন শেষে কৃষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন মন্ত্রী। পরে তিনি সুবর্ণচরের কৃষি সম্ভবনা নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ কখনো পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে নীলকুঠি, লাল কুঠিতে বসে সেনাবাহিনীর মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষমতা আসে না। আমাদের ভিত্তি জনগণ। আমরা জনগণকে নিয়ে এগুচ্ছি, জনগণ যদি আমাদের প্রত্যাখান করে আমরা চলে যাব এটা নিয়ে আমাদের কোন দুঃখ নেই।
এরআগে সকালে সুবর্ণচরে মানুষের জীবনমান উন্নয়নে কৃষির আধুনিক প্রযুক্তি বিস্তারের জন্য এবং অবহেলিত দুর্গম এলাকার জনগণকে উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করতে সকালে পরিদর্শন করেন তিনি।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক আরও বলেন, খাদ্য নিরাপত্তাকে টেকসই ও আরও মজবুত করতে হলে চরাঞ্চল, উপকূলীয় লবণাক্ত এলাকা, পাহাড়ি প্রতিকূল এলাকার জমিকে চাষের আওতায় আনতে হবে। কোনো জমি অনাবাদি রাখা যাবে না। পতিত জমি চাষের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। পতিত জমিতে যারা চাষ করবে তাদেরকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
এ সময় কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক আমজাত হোসেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, বিএডিসির সুবর্ণচর প্রকল্পের পরিচালক আজিম উদ্দিনসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









