আর মাত্র কিছু সময় বাকি। চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আর এই সময়ে করোনার ঝুঁকি জেনেও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে কাঁচাবাজারে ভিড় করছে সাধারণ মানুষ। মানছে না কোনো সামাজিক দূরত্ব বা নির্দেশনা।
রমজান উপলক্ষ্যে ক্রেতাদের চাহিদা বেশি ইফতার সামগ্রীর দিকে। সেই সুযোগ কাজে লাগিয়ে দাম বাড়িয়ে দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। প্রতি হালি লেবুর দাম উঠেছে ৬০-৭০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর কেজিতে ৪-৫ টাকা বেড়েছে সব ধরনের ডালের দর। ঊর্ধ্বমুখী ছোট মাছের দাম।
এদিকে রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজধানীর বেশির ভাগ বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। করোনার প্রভাবে অনেকেই এক মাসের বাজার এক সাথেই করে নিচ্ছেন। এমন একজন ক্রেতা হচ্ছেন চাকুরীজীবি রাকিবুল হোসেন। তিনি বলেন, রমজানের বাজার একেবারে করে নিচ্ছি। কারণ দেশের এই পরিস্থিতিতে বাসা থেকে বার বার বের হওয়া পরিবারের সবার জন্য ঝুঁকি। তাই এই বাজার করা।
সবজির মধ্যে বেড়েছে ইফতার সামগ্রীর দাম। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০-৯০০ টাকায়।
আনন্দবাজার/রনি








