পদ্মা নদীর বাংলাবাজার ঘাটে একটি ডাম্প ফেরি ডুবে গেছে। আজ সোমবার দুপুর একটার দিকে ফেরিটি পুরোপুরি ডুবে যায়। ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ।
মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার আসার পথে নদী খননের ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে রাণীগঞ্জ নামের ডাম্প ফেরিটির তলায় ফাটল ধরে। সাথে সাথে যাত্রী এবং যানবাহন ঘাটে নামিয়ে নোঙর করার পরপরই ফেরিটি ডুবে যায়।
বাংলাবাজার ফেরিঘাট সূত্র জানিয়েছে, গত রাত ১২টার দিকে রানীগঞ্জ নামের ডাম্প ফেরিটি শিমুলিয়া ঘাট থেকে মোট ২২টি যানবাহন নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসার পথে এই ঘটনা ঘটে।
পরে ভোর ৪টার দিকে দ্রুত ফেরিটি বাংলাবাজার ঘাটে এসে বহনকরা সব যানবাহন খালাস করে।
ধীরে ধীরে ভেতরে পানি প্রবেশ করে পুরো ফেরিটি ডুবতে থাকে। সোমবার দুপুর একটার দিকে পুরো ফেরিটি পদ্মায় ডুবে যায়।
আনন্দবাজার/এহসান









